পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের প্রধান কার্যালয়ের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় থ্রি-হুইলারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা এবং সাংবাদিক আলী আসগর খোকনের স্ত্রী পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম, তাঁর সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং সাকোয়া ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী প্রমিলা রাণী (৩০)।
আহত ব্যক্তিরা হলেন—সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মাথা, নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। পরে তাঁদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। মাহমুদা খানম ও তাঁর মেয়ে আল আকসা সুমাইয়াকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, শুক্রবার বিকেলে কৈকিল্লা দিঘী এলাকায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।