পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় স্কুলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার জব্দ করা হয়েছে। এ সময় ককটেল সদৃশ্য বস্তু ঘিরে রেখেছে এসআরবি।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়। এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, ডিসেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে দুর্বৃত্তরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালায় এসআরবি।
এ সময় স্কুলের একটি কক্ষ থেকে গান পাউডার জব্দ করা হয়। সেই সঙ্গে সেখানে অন্তত ৫০টি ককটেল সদুশ্য বস্তু পাওয়া যায়। পরে সেখানে ঘিরে রাখে এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে আসার পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানান এসআরবি কমান্ডার। এখান থেকে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করার পরিকল্পনা ছিল বলে জানান। তবে অভিযানের খবর পেয়ে আগেই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা