নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকরভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুই ভাই ও একজনের স্ত্রী রয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামাল হোসেনের ছেলে সুজন মিয়া (২৫), শাকির রানা (৩০) এবং শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, সুজন মিয়া ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে তাঁর সঙ্গে গোপনে বিয়ে হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি তরুণীর পরিবার জানতে পারলে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হয়।
এ সময় সুজনের পরিবারের সদস্যরা তরুণীকে দেখতে তাঁদের বাড়িতে যান এবং তাঁর ছবি তুলে নিয়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকরভাবে ছড়িয়ে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা সালাম রেজা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, তরুণীর ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের ১৯(ক), ২৫ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।