শিরোনাম

বাংলাদেশ বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত কালীগঞ্জের সুপ্তা সেন ঋতু

বাংলাদেশ বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত কালীগঞ্জের সুপ্তা সেন ঋতু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কৃতী সন্তান সুপ্তা সেন ঋতু বাংলাদেশ বেতারের শিল্পী তালিকাভুক্তির অডিশনে উত্তীর্ণ হয়ে নজরুলসংগীত শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে পরিবার, শিক্ষক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সঙ্গে যুক্ত সুপ্তা সেন নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে নিজের প্রতিভার পরিচয় দিয়ে আসছেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের শিল্পী তালিকাভুক্তির জন্য আয়োজিত অডিশনে অংশ নিয়ে তিনি নজরুলসংগীত বিভাগে নির্বাচিত হন। শিল্পীজীবনের এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন তিনি।

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, সুপ্তা সেনের এই সাফল্য কালীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের। তাঁর অর্জন নতুন প্রজন্মকে সংগীতচর্চায় আরও উৎসাহিত করবে।

সুপ্তা সেন ঋতু নিজ গ্রামেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ঢাকার আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানের বিএ (অনার্স) ইন মিউজিকের নজরুলসংগীত বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত শ্যামল চন্দ্র সেন এবং মা সবিতা সেন।

প্রতিক্রিয়ায় সুপ্তা সেন ঋতু বলেন, “ছোটবেলা থেকেই গান আমার ভালোবাসা, গানই আমার স্বপ্ন। পরিবারের সহযোগিতা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং আমার গুরু, বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ছন্দা চক্রবর্তীর কাছে তালিম নেওয়ার ফলেই আজ বাংলাদেশ বেতারের শিল্পী তালিকায় স্থান করে নিতে পেরেছি। সবার দোয়া ও আশীর্বাদ নিয়ে ভবিষ্যতে আরও ভালো গান উপহার দিতে চাই।”

এলাকাবাসীর প্রত্যাশা, সুপ্তা সেন ঋতু তাঁর সংগীতসাধনার মাধ্যমে দেশ-বিদেশে সুনাম অর্জনের পাশাপাশি কালীগঞ্জের নামও আরও উজ্জ্বল করবেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর