পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা।
রোববার রাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধীন ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার ধামেরঘাট এলাকার লাহেরিপাড়ায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৭৭৭/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেরিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৩৯ লাখ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধামেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।