শিরোনাম

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শিবলী হোসেন রুবেল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

তিনি জানান, বুধবার ভোর ৪টার দিকে নগরীর মোতালেবের মোড় এলাকায় এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দা বিভাগ ও খুলনা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগরীর নিরালা এলাকা থেকে শিবলী হোসেন রুবেলকে গ্রেপ্তার করে।

অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার রুবেল চিহ্নিত সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং অস্ত্রের উৎস শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর