শিরোনাম
বরিশালে জামায়াতের আমির

"গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে"

"গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে"

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। গণভোটের রায় উপেক্ষা করা হলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে এবং প্রয়োজন হলে সরকারকে তা মানতে বাধ্য করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।”

শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরীর বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং বরিশালে রেল যোগাযোগ চালুর দাবি দীর্ঘদিনের। এসব উন্নয়ন থেকে দক্ষিণাঞ্চলকে বঞ্চিত রাখা উচিত নয়। তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে জনগণের রায় বাস্তবায়ন এবং গণতান্ত্রিক অঙ্গীকার রক্ষা করতে হবে।

তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিএনপিকে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বিডিপি চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, জুলাই গণঅভ্যুত্থানের বিচার, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের দাবি জানান।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন। সমাবেশে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, পাইপলাইনে গ্যাস সরবরাহ, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর