বান্দরবানের বিভিন্ন এলাকার ছানিজনিত চোখের সমস্যায় আক্রান্ত ৩৮ জন নারী-পুরুষকে বিনামূল্যে ছানি অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা রিজিয়ন ও ব্রিগেডের তত্ত্বাবধানে চট্টগ্রামের আগ্রাবাদ আই কেয়ার হাসপাতালে তাঁদের চোখের অস্ত্রোপচার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে বান্দরবান সেনা রিজিয়নের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়া রোগীদের চোখের ড্রেসিং ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বান্দরবান শহরের রাজার মাঠে সেনা রিজিয়ন ও ব্রিগেডের তত্ত্বাবধানে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ছানিতে আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়। পরে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাঁদের চট্টগ্রামের আগ্রাবাদ আই কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার (১১ অক্টোবর) ৩৮ জনের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য বান্দরবানের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি এলাকার অনেক মানুষের পক্ষে দূরবর্তী হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন। এ ধরনের উদ্যোগ তাঁদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করছে।
এ বিষয়ে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারফরাজ হায়দার বলেন, পার্বত্যাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।