শিরোনাম

আইনজীবী জামাতার বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ, পঞ্চগড়ে মানববন্ধন

আইনজীবী জামাতার বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ, পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড়ে আইনজীবী জামাতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, জমি বিক্রিতে বাধা ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এক বৃদ্ধ দম্পতি, তাঁদের সন্তান ও স্বজনরা।

রোববার দুপুরে পঞ্চগড় আদালতের সামনে মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী দম্পতি খায়রুল আলম ও তাঁর স্ত্রী মমতাজ জাহান, তাঁদের মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন ও নাঈমা ইয়াসমিন এবং স্বজন এ এস এম মোস্তফা সারওয়ার বাবু বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পঞ্চগড় জেলা শহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা খায়রুল আলম সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন। তাঁর চার মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ে নাসিমা ইয়াসমিনকে ১৯৯৮ সালে বিয়ে করেন পঞ্চগড়ের আইনজীবী হাসান সারওয়ার হেনরি। প্রথমদিকে পরিবার ওই বিয়ে মেনে না নিলেও ২০০৮ সালের পর তাঁরা সম্পর্ক মেনে নেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এরপর থেকে হাসান সারওয়ার হেনরি ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে তাঁদের হয়রানি করে আসছেন। মামলার কারণে তাঁদের কাছ থেকে নিয়মিত বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, চিকিৎসার খরচ জোগাতে খায়রুল আলম ও তাঁর স্ত্রী পঞ্চগড়ের কায়েতপাড়া এলাকায় তাঁদের ৪৪ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। কিন্তু ওই জমি বিক্রিতে আইনজীবী হেনরি বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ তাঁদের। জমিটি নিয়ে ভুয়া ওয়ারিশ দেখিয়ে মামলা এবং আদালত থেকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তাঁরা। পাশাপাশি জমির খাজনা-দাখিলা না দেওয়ার জন্য এসিল্যান্ডের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান তাঁরা।

এ কারণে জমি বিক্রি করতে না পারায় বৃদ্ধ দম্পতি চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তাঁরা আইনজীবী সমিতির কাছেও হাসান সারওয়ার হেনরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

মানববন্ধনে হেনরির ভাই এ এস এম মোস্তফা সারওয়ার বাবুও তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তাঁর প্রয়াত মাকে মারধর করা হয়েছিল এবং নির্যাতনের মাধ্যমে ছয় শতক জমিসহ বাড়ি লিখে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধেও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

খায়রুল আলম বলেন, “হেনরি ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শারীরিক ও মানসিকভাবে হয়রানি করছেন। বৃদ্ধ বয়সে চিকিৎসার জন্য জমি বিক্রি করতে চাইলেও ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে বাধা দেওয়া হচ্ছে। আমার সম্পত্তি দখলেরও চেষ্টা করা হচ্ছে।”

তাঁর দুই মেয়ে নাঈমা ইয়াসমিন ও ডা. নাফিয়া ইয়াসমিন অভিযোগ করেন, তাঁদের বাবার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হচ্ছে এবং চিকিৎসার জন্য জমি বিক্রিতেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী হাসান সারওয়ার হেনরি। তিনি বলেন, “আমাকে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর