রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে কার নামে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি একটি মনোনয়নপত্র এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অপর একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে তাঁরা কার জন্য মনোনয়নপত্র নিয়েছেন, সে বিষয়ে দল বা ইসির পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসি সূত্র আরও জানায়, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। একটি মনোনয়নপত্রে কোনো ধরনের ভুল বা ত্রুটি থাকলে অন্যটি বিবেচনায় নেওয়ার সুযোগ রাখতেই সাধারণত দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও একইভাবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।
তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকা ক্ষমতাসীন দলের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ কারণে অতীতে বিরোধী দলগুলো সাধারণত এ পদে প্রার্থী দেয়নি। তবে এবার জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইসি জানিয়েছে, শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।