শিরোনাম

বেশি দামে সার বিক্রির অভিযোগে ঘিওরে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

বেশি দামে সার বিক্রির অভিযোগে ঘিওরে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

মানিকগঞ্জের ঘিওরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কৃষকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারে অভিযান চালিয়ে মেসার্স হাজী খোরশেদ হোসেন ট্রেডার্সকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে অতিরিক্ত অর্থ আদায় করছিল। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগও পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কৃষকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থও ফেরত দেওয়া হয়।

ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। কৃষকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে। সারের বাজারে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান এবং ঘিওর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন খান হিরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর