শিরোনাম

‘হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বিরোধীদল’: মির্জা ফখরুল

‘হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বিরোধীদল’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলতেন, বর্তমান বিরোধীদলও সেই ভাষায় কথা বলতে শুরু করেছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা ‘লাভ শেয়ার বিডি’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলতেন, তারাও সেই ভাষায় কথা বলতে শুরু করেছে—‘করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না।’”

সরকারের দায়িত্ব নেওয়ার পর মাত্র চার-পাঁচ মাসে অনেক পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর কাজ শুরু হয়েছে। বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোরও চেষ্টা চলছে। এসব কাজ দ্রুত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

দেশের তেল, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছরে নতুন গ্যাস বা তেলের খনি অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেয়নি। গ্যাস ও তেল অনুসন্ধানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে বাপেক্সকে পুনরায় সক্রিয় করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিদেশ থেকে জাহাজে তেল ও গ্যাস আমদানি করতে বিপুল অর্থ ব্যয় হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বাংলাদেশের প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সংকটের মধ্যেও দেশে একদিনের জন্য তেল বা গ্যাস সরবরাহ বন্ধ হয়নি, কিছুটা কমেছে মাত্র। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে আমদানি ব্যয় ও জাহাজভাড়া বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে।

তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে পত্রিকাগুলো লিখতে পারত না, কথা বলতে সাহস করত না। এখন যা খুশি লিখছে—সত্য-মিথ্যা যাই হোক। সোশ্যাল মিডিয়া ও ইউটিউবেও যা খুশি প্রচার করা হচ্ছে।”

মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘদিনের একদলীয় শাসনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‘লাভ শেয়ার বিডি’র পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুর ফজল আনসারী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।

অনুষ্ঠান শেষে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি চা ঘর হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর