গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাহাদুরশাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের ফজলুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪৬), জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকার রহিম খানের ছেলে জয়নাল খান (২৭) এবং তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকার কাজী আনোয়ারের ছেলে কাজী জুয়েল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ও জয়নাল খান ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্ট করছিলেন। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপরদিকে, কাজী জুয়েল মাদক সেবন করে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করতেন। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন বলে অভিযোগ রয়েছে। অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কালীগঞ্জ থানার পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও পুলিশ সদস্যরা।