শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারীর সৈয়দপুরে ৫৬২ জন আনসার ও ভিডিপি সদস্যকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ছয় দিন দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক সতর্ক থাকার পাশাপাশি দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয় তাঁদের।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর ফাইভ স্টার মাঠে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ব্রিফিং প্যারেডে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হামিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল হক, পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা।
ব্রিফিংয়ে অতিথিরা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের আগামী ছয় দিন নিষ্ঠা, সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, পূজামণ্ডপে আগত কোনো দর্শনার্থী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনকালে কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এ জন্য প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সরবরাহ করা হয়েছে।
ব্রিফিং প্যারেডে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি সৈয়দপুর উপজেলার ৮৮টি দুর্গাপূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পাওয়া ৫৬২ জন আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।