নীলফামারীর সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া দোলারপাড় এলাকায় একটি আদা ক্ষেত থেকে কমল চন্দ্র রায় (৫০) নামে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকালে স্থানীয়রা আদা ক্ষেতের একটি নালায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত কমল চন্দ্র রায় কচুকাটা বন্দরপাড়া গ্রামের বীরেণ চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ১০টার দিকে কমল চন্দ্র রায় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয়রা আদা ক্ষেতের নালায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহটি উপুড় অবস্থায় পাওয়া গেছে এবং নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।