সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নবনির্মিত নারায়ণপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ফিতা কাটা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নবনির্মিত বিওপির উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। পরে তিনি বিওপির নামফলক উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর লক্ষ্যে নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়বে এবং মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার ও পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি ভূমিকা রাখছে। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করে রিজিয়ন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে।