শিরোনাম

চাঁদাবাজি, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মাওলানা এটিএম মাসুম

চাঁদাবাজি, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মাওলানা এটিএম মাসুম

নোয়াখালী প্রতিনিধি: চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেছেন, দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সরকার অযোগ্যতার পরিচয় দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবেন না। প্রয়োজন হলে আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) নোয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন ও ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমিরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটিএম মাসুম বলেন, দেশে চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে। বেকারত্ব, গুম, খুন ও ধর্ষণের ঘটনাও বাড়ছে বলে তিনি দাবি করেন। গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও সরকার এখন তা থেকে সরে আসছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সরকারি দলের একটি অংশের আঁতাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষকে আহত ও পঙ্গু করার ঘটনায় অভিযুক্তদের সঙ্গে আঁতাতের মাধ্যমে নতুন করে ষড়যন্ত্রের সুযোগ তৈরি করা হচ্ছে।

মাওলানা এটিএম মাসুম অভিযোগ করেন, বিভিন্ন মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন। সংসদে বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের সুযোগ সীমিত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ কারণে বিরোধী দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

তিনি বলেন, জনগণের সঙ্গে জামায়াতে ইসলামীও কোনো ষড়যন্ত্র বরদাশত করবে না। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন।

সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসহাক খন্দকারকে নোয়াখালী জেলা জামায়াতের আমির নির্বাচিত করা হয়। প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম তাঁকে শপথবাক্য পাঠ করান। পরে জেলা আমির স্বাগত বক্তব্য দেন এবং নতুন সেশনের জেলা শুরা নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর