ইরাকের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল-ফাও এলাকার দক্ষিণ-পূর্বে ইরাকের জলসীমায় এ হামলা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর পানামার পতাকাবাহী ‘নিউ অ্যান্ড্রোস’ নামের ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি ফুয়েল অয়েল ছিল।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, আল-ফাও থেকে প্রায় ৫২ কিলোমিটার বা ২৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার খবর তারা পেয়েছে।
জাহাজটির মাস্টারের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলার পরও ২২ জন ক্রুর সবাই নিরাপদে রয়েছেন। এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষতির খবরও পাওয়া যায়নি।
স্থানীয় বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনের আঘাতে ট্যাংকারটিতে আগুন ছড়িয়ে পড়লেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।