শিরোনাম

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। আহতরা হলেন—বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০) এবং বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে বোদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন ইজিবাইকচালক শহিদুল ইসলাম। নাজিরপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ চারজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ট্রাকটি পেছনে সরানোর সময় ইজিবাইকচালক শহিদুলের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেন।

দুর্ঘটনার পর তেলবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। পরে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকটি রেখে চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে বোদা হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলবাহী ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। সড়ক অবরোধের পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর