নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার ভোরে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি বিশেষ দল ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই ও মাদকসেবনের স্পট হিসেবে পরিচিত ওই নির্মাণাধীন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ফতুল্লা থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।