সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মো. আলিফ নুর রহমান (২৩) ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এ সময় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ নুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার দুপুরে মাদক সেবনের পর তিনি বাড়িতে ভাঙচুর শুরু করেন এবং বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করেন। ছেলের এমন কর্মকাণ্ডে তাঁর বাবা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলিফকে আটক করে।
খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। আদালত আলিফ নুর রহমানকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, মাদক সেবন করে এক যুবক বাড়ির আসবাবপত্র ভাঙচুর করছিলেন। তাঁর বাবার খবরের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।