শিরোনাম
আইনমন্ত্রীকে স্মারকলিপি

নীলফামারীতে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ

নীলফামারীতে সাত দফা দাবিতে দলিল লেখকদের বিক্ষোভ

দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলিল লেখকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে শহরের শহীদ মিনার এলাকার দলিল লেখক সমিতির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ সময় সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ, দলিল লেখক আজগর আলী সরকার, ডিমলা উপজেলার দলিল লেখক মাসুদ রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল লেখকদের সম্মানিক পাঁচ হাজার টাকা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখার সুযোগ না দেওয়া এবং অনভিজ্ঞ ব্যক্তিদের লাইসেন্স প্রদান বন্ধের দাবি জানানো হয়।

এ ছাড়া সরকারি খরচে দলিল লেখকদের বসার ব্যবস্থা ও নামাজের স্থান নির্ধারণ, দলিল লেখক কাউন্সিল গঠন এবং পেশাগত কারণে দলিল লেখকদের আসামি না করার দাবিও জানানো হয়েছে।

বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপির নেতারাও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এরপর সারাদেশে লিফলেট বিতরণ ও সমাবেশের মাধ্যমে দাবিগুলো তুলে ধরা হচ্ছে।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন দলিল লেখকদের স্মারকলিপি গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর