শিরোনাম

এমপির বাড়িতে আগুনের পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সংসদে নাহিদের প্রশ্ন

এমপির বাড়িতে আগুনের পরও কি আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সংসদে নাহিদের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলা যাবে?

বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

তিনি বলেন, সরকার যদি তাঁদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেটিও স্পষ্ট করে জানানো উচিত। শুধু সংসদে বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি অস্বীকার করা যাবে না।

নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুতর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এতে বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। নুসরাতের অভিযোগ, তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পেট্রলবোমা বা বিস্ফোরকের আলামত পায়নি বলে জানিয়েছে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর