পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়াই কাঁচামালকে ভেজাল ঘোষণার অভিযোগ, দুই লাখ টাকা জরিমানা আদায় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে। অভিযানের সময় ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়া এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগও করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, আদায় করা জরিমানার টাকা ফেরত এবং ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ দাবি করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (২২ নভেম্বর) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় অবস্থিত গ্রিন বায়োটেকনোলজির কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে তাঁকে সহযোগিতা করেন।
প্রতিষ্ঠানটির অভিযোগ, কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার জন্য রাখা হয়েছিল। কাঁচামালের পাত্রগুলোতে ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল এবং সেগুলোর মেয়াদও শেষ হয়নি। কিন্তু কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষাগারে পরীক্ষা না করেই ওই কাঁচামালগুলোকে ভেজাল ঘোষণা করা হয়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফাঁকা ফরমে স্বাক্ষর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, কাঁচামালগুলো সরকারি কিংবা অন্য কোনো স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। বরং তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে বাধ্য করা হয়। জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও তাঁদের দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
নজরুল ইসলামের আরও অভিযোগ, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের ভয় দেখানো হলে তিনি বাধ্য হয়ে স্বাক্ষর করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি তাঁর।
তিনি জানান, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রক্রিয়া চলছে।
আগেও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জামালপুরে যোগদানের পর থেকেই সহকারী পরিচালক শরীফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পণ্য পরীক্ষা ছাড়াই জরিমানা, পণ্য ধ্বংস ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে একই ধরনের আচরণ করা হয়েছে। পণ্য পরীক্ষার অনুরোধ জানানো হলেও তা আমলে না নিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার পণ্যের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
বায়োজিনকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগ
অভিযোগে আরও বলা হয়, অভিযানের সময় কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে গিয়ে গ্রিন বায়োটেকনোলজির ঘটনার সঙ্গে সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রসঙ্গ জড়ানো হয়। এতে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে বলে দাবি করেছে গ্রিন বায়োটেকনোলজি।
বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ একটি প্রতিষ্ঠানে অভিযানের ঘটনায় অন্য প্রতিষ্ঠানের নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় বায়োজিনের ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষের দাবি, তাদের প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে। পণ্যগুলো প্রযোজ্য মানদণ্ড অনুযায়ী পরীক্ষিত। এ ছাড়া অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক ডার্মাটোলজিক্যালি টেস্টেড ও নিরাপদ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
অভিযোগ অস্বীকার কর্মকর্তার
অভিযোগের বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, কারখানায় গিয়ে তিনি কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ পেয়েছেন। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। এ কারণে সেগুলোর কোনো পরীক্ষার প্রয়োজন হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমি কোনো জব্দ তালিকা করিনি। তবে কাঁচামালগুলো ধ্বংস করেছি। কাউকে ফাঁকা ফরমে স্বাক্ষর করতে বাধ্য করিনি এবং গ্রেপ্তারের কোনো হুমকিও দিইনি।’
চোখের দেখায় কীভাবে কাঁচামাল মেয়াদোত্তীর্ণ বা সমস্যাযুক্ত বলে বুঝেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু জিনিস আছে, যেগুলো চোখের দেখেই বোঝা যায় সমস্যা আছে। আবার কিছু জিনিস আছে, যেগুলো পরীক্ষা করার প্রয়োজন হয়। কোনো প্রতিষ্ঠান যদি বলে মেয়াদ আছে, আর আমি বলি মেয়াদ নেই, তখন এ ধরনের সমস্যা সমাধানের জন্য পরীক্ষা করতে হবে।’
এদিকে, প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস, জরিমানা আদায় এবং অভিযানের আইনগত প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে গ্রিন বায়োটেকনোলজি কর্তৃপক্ষ।