গত দুই বছর ধরে উন্নয়নমূলক কর্মকাণ্ড চোখে না পড়লেও নরসিংদী পৌরসভায় অনিয়মের অভিযোগের যেন শেষ নেই। প্ল্যান অনুমোদন ছাড়াই ৬ তলা ভবন নির্মাণ, নির্মিত ভবনের অনুমোদন পেতে তদবির এবং বাণিজ্যিক এলাকায় আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শহরের তরোয়া এলাকায় প্ল্যান অনুমোদন ছাড়াই ৬ তলা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। একইভাবে নবাববাড়ি এলাকায় ৩ তলা ভবন নির্মাণের পর পৌরসভার অনুমোদন পেতে জোর তদবির চালানোর অভিযোগ উঠেছে।
এ ছাড়া শহরের ব্রাহ্মন্দী টাউন হল মোড়ের বাণিজ্যিক এলাকায় একটি আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে ডাবল সিঁড়ি, ফায়ার সার্ভিসের অনুমোদনসহ অতিরিক্ত ফি প্রয়োজন হয়। এসব শর্ত এড়াতেই অনৈতিকভাবে আবাসিক ভবনের অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে সদ্য যোগদানকারী পৌর প্রশাসক মো. সফিউল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে সদ্য বিদায়ী পৌর প্রশাসক মোছা. নাদিরা আখতার বলেন, “চার মাস প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে এখানে অনেক মাফিয়াকে ফেস করতে হয়েছে। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে এর জন্য সার্ভেয়ার, প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা দায়ী। তারা প্রতিবেদন দেওয়ার পর সর্বশেষ আমি স্বাক্ষর করি। সুতরাং এর দায় আমি নেব কেন?”