পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীদের জন্য বরাদ্দ মশারি আলমারিতে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকরা তথ্য সংগ্রহে ওয়ার্ডে প্রবেশের পর আলমারি থেকে মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন কর্তব্যরত নার্সরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের পরিস্থিতি দেখতে গিয়ে এমন চিত্র দেখা যায়।
ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তবে কোনো রোগীর বিছানাতেই মশারি টানানো ছিল না। তিনটি বিছানার পাশে মশারি পড়ে থাকতে দেখা যায়। আর দুই রোগীকে কোনো মশারি দেওয়া হয়নি বলে জানান রোগী ও স্বজনরা। কিছুক্ষণ পর সাংবাদিকদের উপস্থিতিতে নার্সরা আলমারি থেকে মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন।
.jpeg)
হাসপাতালে ভর্তি রোগী সদর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা জুবায়ের হাসান জানান, তিনি রোববার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সোমবার দুপুর পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা পার হলেও তাকে মশারি দেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে কর্তব্যরত নার্সদের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার রিনা বেগম বলেন, ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত মশারি রয়েছে। ‘কেন মশারি দেওয়া হয়নি’ জানতে চাইলে সংশ্লিষ্ট নার্স ‘ভুল হয়েছে, আর হবে না’ বলে জানিয়েছেন। বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে জানানো হবে।
হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রিনা বলেন, ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত মশারি দেওয়া আছে। রোগীদের কেন মশারি দেওয়া হয়নি, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।