সৌদি আরবে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে দেশটির কয়েকটি অঞ্চলে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে জাপান সরকার। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সৌদি আরবে ভ্রমণ এড়িয়ে চলা এবং পরিকল্পিত সফর স্থগিতের বিষয়টি বিবেচনা করতে জাপানি নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার ভ্রমণ সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২ করা হয়েছে।
অন্যদিকে, ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে সতর্কতার মাত্রা ৩-এ বহাল রয়েছে। এসব এলাকায় সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সতর্কবার্তায় সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার কিংবা বিমানবন্দরসংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যে, গত ৫ অক্টোবর থেকে হুথিদের হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে চলমান সংঘাতের কারণে সৌদি আরবে ভবিষ্যতেও আরও হামলার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে যারা সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন, তাদের ভ্রমণ স্থগিত করার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।