জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কথোপকথনের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (১০ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এসব অডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের পক্ষে অডিও উপস্থাপন করে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তিনি ফোনালাপের কথোপকথনের একটি অনুলিপি সাংবাদিকদের দেন।
প্রসিকিউশনের দাখিল করা নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের এসব কথোপকথন হয়।
১৯ জুলাই দুপুর ২টা ৫৪ মিনিটের কথোপকথনে শেখ হাসিনা ও হাছান মাহমুদের মধ্যে ‘পাল্টা আগুনের’ প্রসঙ্গ উঠে আসে। ওই কথোপকথনে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আন্দোলনকারীরা আগুন দিলে তাদের বাড়িঘর ও গাড়িতেও আগুন দেওয়ার কথা।
পরে হাছান মাহমুদ কথিত এই পদক্ষেপকে ‘টিট ফর ট্যাট’ হিসেবে সমর্থন করেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। একই কথোপকথনে শেখ হাসিনা সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে ‘প্রোটেকশনের’ ব্যবস্থা করার নির্দেশ দেন বলে প্রসিকিউশনের নথিতে বলা হয়েছে।
এরপরের কথোপকথনে ওবায়দুল কাদের যুক্ত হন। সেখানে সেতু ভবনে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে সেখানে র্যাব পাঠানোর কথা বলেন শেখ হাসিনা। একই সঙ্গে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করার নির্দেশ দেওয়ার কথাও ফোনালাপে রয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে।
ট্রাইব্যুনালে এসব অডিও উপস্থাপনের মাধ্যমে জুলাই আন্দোলনের সময়কার ঘটনাপ্রবাহ ও তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা সম্পর্কে নতুন তথ্য আদালতের নথিতে যুক্ত হলো।