পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল এবং রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে দুই ধারায় ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় প্রত্যেককে মোট সাত বছর কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও রেজাউল করিম তরফদার।
দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জানান, আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে বৈধ আবেদনকারীদের বঞ্চিত করে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলকে পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেওয়া হয়। সে সময় তাঁদের বাবা এম এ হাসেম নোয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন।
এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৯ সালের ২৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। মামলায় আদালত নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।