কুমিল্লার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ছয় ঘণ্টার অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের ভাষ্য, কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থান চিহ্নিত করে একযোগে অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকাসহ জেলার প্রতিটি থানার আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের মধ্যে নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চারজন সক্রিয় সদস্য রয়েছে। তাঁদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) ওই গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ বলছে, উঠতি বয়সী কিশোর-তরুণরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।