নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোলাম রাব্বানী লাবু মিয়া (২৪) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেশবা কলেজ গেট এলাকার নিজ বাড়ির শোয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাবু মিয়া ওই গ্রামের গোলাম রাব্বানী বাদশার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে লাবু মিয়ার শোয়ার ঘর থেকে দুর্গন্ধ বের হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা লাবু মিয়াকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহে পচন ধরেছিল এবং ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।