উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই বদলাচ্ছে আবহাওয়ার চিত্র। দিনের গরমের বিপরীতে ভোরের হালকা ঠান্ডা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। তাপমাত্রা কমে আসায় এ অঞ্চলে অনুভূত হচ্ছে শীতের আগাম আমেজ।
সোমবার (১২ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬২ শতাংশ।
আবহাওয়ার এই পরিবর্তনে পঞ্চগড়ের ভোর ও সকালের পরিবেশে শীতের হালকা ছোঁয়া অনুভূত হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে ঋতু বদলের আভাস মিলছে উত্তরাঞ্চলের এই সীমান্ত জনপদে।