পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরে যেতে হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তারা একই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান। ফিরে যাওয়া সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নেন।
দিনভর তারা সীমান্ত এলাকায় অবস্থান করলেও বিজিবি তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেয়নি। পরে রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই সাতজন বাধ্য হয়ে একই সীমান্ত দিয়ে ভারতে ফিরে যান।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।