শিরোনাম

৭ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ, বিএনপির নেতাকর্মীদের তা জানতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

৭ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ, বিএনপির নেতাকর্মীদের তা জানতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেন গুরুত্বপূর্ণ এবং বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা কেন এ দিবসকে সমর্থন করেন, তা প্রত্যেকের জানা প্রয়োজন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কে জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার জাতীয় এ দিবসের ইতিহাস মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারা চেয়েছিল ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে। কিন্তু তারা তা পারেনি। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে কেউ দেশে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ১৭ কোটি মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তাঁদের হৃদয়ে ধারণ করে রেখেছেন। এ কারণেই তাঁর নাম ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব হয়নি। বাংলাদেশ যত দিন থাকবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও তত দিন থাকবে।”

এর আগে দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে পার্কের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক আদম সুফী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য রিনা পারভীনসহ জেলার পাঁচ উপজেলা থেকে আসা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর