শিরোনাম
রংপুরের কলেজে অনিয়মের অভিযোগ

কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে দুই মাসের বেতন

কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে দুই মাসের বেতন

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী বাবু প্রতারণা মামলায় প্রায় দুই মাস কারাগারে বন্দী থাকলেও শিক্ষা ছুটির নামে মে ও জুন মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, প্রতারণা মামলায় আদালত গত ২৩ এপ্রিল মোহাম্মদ আলী বাবুকে ছয় মাসের কারাদণ্ড ও ৮ লাখ ৫১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন। এরপর গত ১৫ মে রাতে রংপুর মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রায় দুই মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

অভিযোগ রয়েছে, কারাগারে থাকাকালেও কলেজের উপস্থিতি রেজিস্টারে ১০ মে থেকে তার নামে ‘শিক্ষা ছুটি’ দেখানো হয়। অথচ কলেজের গভর্নিং বডির সভাপতি সেকেন্দার আলী স্বীকার করেছেন, শিক্ষা ছুটির আবেদন এখনো অনুমোদন পায়নি।

তিনি জানান, শিক্ষক শিক্ষা ছুটির আবেদন করেছেন এবং এ বিষয়ে একটি প্রস্তাব (রেজুলেশন) হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র এখনও উপস্থাপন করা হয়নি। পরবর্তী সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

শিক্ষা ছুটি অনুমোদনের আগেই কীভাবে মে ও জুন মাসের বেতন দেওয়া হলো—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবুল কালাম জয়নুল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলী বাবুর ব্যবহৃত একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

পুলিশ জানায়, হজে পাঠানো ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বাবুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে নীলফামারী থানায় দুটি এবং রংপুর আদালতে তিনটি প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ বলেন, শিক্ষা ছুটি ও বেতন উত্তোলনের বিষয়টি তার জানা নেই। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর