প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: তিস্তা নদীর বুক চিরে চলছে পাথর উত্তোলনের মহোৎসব। অন্যদিকে ভাঙনের মুখে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও জনপদ। ভোরের আলো ফুটতেই তিস্তার বুকে শুরু হয় ড্রেজার মেশিনের কর্মযজ্ঞ, চলে গভীর রাত পর্যন্ত। নদীর তলদেশ খুঁড়ে তোলা পাথর নৌকায় করে আনা হয় পাড়ে। সেখান থেকে ট্রাকে বোঝাই হয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়। পাথরের এই বাণিজ্যে কারা লাভবান হচ্ছেন, কোথায় যাচ্ছে উত্তোলিত পাথর, আর এত বড় কর্মযজ্ঞের পরও কেন থামানো যাচ্ছে না এসব—প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে একাধিক উদ্বেগজনক চিত্র।

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে চলছে এই অবৈধ পাথর উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্রের নিয়ন্ত্রণে শত শত নৌকায় চলছে পাথর উত্তোলন ও পরিবহনের কার্যক্রম। প্রশাসনের অভিযান, মামলা, গ্রেপ্তার কিংবা যন্ত্রপাতি জব্দের পরও বন্ধ হচ্ছে না এই তৎপরতা। নির্বিচারে নদীর তলদেশ খননের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর স্বাভাবিক গঠন ও প্রবাহ। বাড়ছে ভাঙনের ঝুঁকি। হুমকির মুখে পড়েছে দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীতীরবর্তী বিস্তীর্ণ জনপদ।
তিস্তা ব্যারাজের উজানে তেলির বাজার, কিসামত চর ও ছোটখাতা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর বিভিন্ন অংশে ইঞ্জিনচালিত নৌকায় বসানো হয়েছে ড্রেজার মেশিন। লোহার তৈরি ছেনি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে নদীর তলদেশে গর্ত করে পাথর তুলছেন শ্রমিকেরা। পরে নৌকায় করে সেসব পাথর নদীর পাড়ে এনে স্তূপ করা হচ্ছে। সেখান থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এই কাজে চার শতাধিক নৌকা ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন নীলফামারী ও লালমনিরহাট অংশের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে পাথর উত্তোলন। যদিও নৌকার সঠিক সংখ্যা ও উত্তোলনের পরিমাণের কোনো সরকারি হিসাব পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে পাথর তুলে নেওয়ায় কোথাও কোথাও নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এসেছে। তৈরি হয়েছে একাধিক সরু চ্যানেল। এর প্রভাব পড়ছে দুই পাড়ের জনবসতি ও ফসলি জমিতে। অন্তত ২০টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে বলেও তাঁদের দাবি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে প্রায় ৫০০ থেকে ৭০০ ঘনফুট পাথর পরিবহন করা হয়। প্রতি ট্রাক পাথরের বিক্রয়মূল্য ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। এসব পাথর দেশের বিভিন্ন জেলার নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন বিপুল পরিমাণ পাথর নদী থেকে তুলে বাজারজাত করা হচ্ছে বলে ধারণা পাওয়া যায়। তবে প্রতিদিন কত নৌকায় পাথর তোলা হচ্ছে, কত ট্রাক পাথর নদী থেকে বের হচ্ছে, কোথায় সেগুলো মজুত করা হচ্ছে এবং কারা এসব পাথরের ক্রেতা—তার কোনো পূর্ণাঙ্গ হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি।
এত বড় পরিসরে পাথর উত্তোলনের কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও তা বন্ধ না হওয়ায় প্রশাসনিক নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নদীতে প্রবেশের বিভিন্ন সড়কে নজরদারির জন্য লোক রাখা হয়েছে। প্রশাসনের গাড়ি কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চলাচল দেখলেই মোবাইল ফোনে সংশ্লিষ্টদের কাছে খবর পৌঁছে দেওয়া হয়। ফলে অভিযান শুরুর আগেই নৌকা, শ্রমিক ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার সুযোগ পান পাথর উত্তোলনকারীরা।
তিস্তার পাথর উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় সংঘাত ও সহিংসতার অভিযোগও রয়েছে। অবৈধ কার্যক্রমের প্রতিবাদ করতে গিয়ে গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের হামলার শিকার হওয়ার ঘটনাও সামনে এসেছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, অবৈধ পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা চলমান রয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, অবৈধ পাথর উত্তোলন ও সংশ্লিষ্ট কারবারের ঘটনায় থানায় অন্তত ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়েন। ফলে অভিযান চালিয়েও স্থায়ীভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটানো যাচ্ছে না।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, অবৈধ পাথর উত্তোলনের তথ্য পেলেই প্রশাসন অভিযান পরিচালনা করে। যন্ত্রপাতি জব্দ, মামলা এবং হাতেনাতে কাউকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হয়। কিন্তু এলাকাগুলো দুর্গম হওয়ায় অভিযান শেষ হওয়ার পরপরই আবার উত্তোলনকারীরা সক্রিয় হয়ে ওঠেন।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, নদীর তলদেশ কেটে পাথর উত্তোলন করা হলে নদীর গভীরতা ও স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হয়। এতে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সোহেল হাসান বলেন, শুধু অভিযান পরিচালনা করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারা পাথর উত্তোলনের নেতৃত্ব দিচ্ছে, কোথায় এসব পাথর যাচ্ছে এবং কারা কিনছে—পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।