চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নীলফামারীর ছয় উপজেলায় ৬০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার সুযোগ রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা শহরের স্কাইভিউ কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, রংপুরের তত্ত্বাবধানে এবং জেলার লিড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উত্তরা ব্যাংকের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় জানানো হয়, গত ১ নভেম্বর থেকে জেলার ছয় উপজেলায় প্রায় এক হাজার আবেদন ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ১৫০টি আবেদন জমা পড়েছে। আগামী ৩০ নভেম্বর আবেদন জমার শেষ দিন। যাচাই-বাছাই শেষে প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬০ জন উদ্যোক্তা নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বীরেন্দ্র নাথ রায় বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পুঁজি, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য। তরুণেরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করবেন, এমন উদ্যোগকে উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক।
কর্মশালায় মূল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুক্তা সাদী সারওয়ারীন তৌহিদ। সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক পিএলসির ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপক এবং জেলা লিড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. লুৎফুল হোসেন। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।