ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার হস্তান্তর নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে, তাঁর সঙ্গে নয়।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান, অন্যদিকে বাংলাদেশ তাঁকে প্রত্যর্পণ করতে চায়। ফলে দুই পক্ষের অবস্থান মিলে গেছে। তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিনি কীভাবে দেশে ফিরবেন, বাংলাদেশ বিমানে, ভারতের বিমানে নাকি অন্য কোনো উপায়ে তাঁকে হস্তান্তর করা হবে—এসব বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে।
তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী তাঁর সহযোগীদের নিয়ে ভারতে অবস্থান করছেন। তাঁকে হস্তান্তরের বিষয়টি ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।