গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লাগার ঘটনায় মা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।
রোববার রাত সাড়ে আটটার দিকে টঙ্গী পশ্চিম থানার পশ্চিম দাঁড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকার মনিরা আক্তার (৩০), তাঁর ছেলে আরিফুল ইসলাম (৬) এবং প্রতিবেশী তরিকুল ইসলাম (২৬)। তরিকুল খুলনার কয়রা থানার আশরাফ গাজীর ছেলে। তাঁরা সবাই টঙ্গীর পশ্চিম দাঁড়াইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সোমবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম দাঁড়াইল এলাকার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন থেকে রক্ষা পেতে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন।
পরে তাঁদের উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।