শিরোনাম

২০২৭ সালের সরবরাহ শঙ্কায় কমল তেলের দাম

২০২৭ সালের সরবরাহ শঙ্কায় কমল তেলের দাম

২০২৭ সালে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

বুধবার (২৫ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫ সেন্টে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে বিঘ্নের উদ্বেগের মধ্যে এ দরপতন হয়েছে। এর আগের দিন উভয় ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

এলএসইজির জ্যেষ্ঠ তেলবিষয়ক গবেষক ঝেনচিয়াং সেটো বলেন, ২০২৭ সালে তেলের সরবরাহ উদ্বৃত্ত হওয়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ঝুঁকির চেয়ে বাজারে বেশি প্রভাব ফেলছে। বিশেষ করে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের বৈঠকে উৎপাদননীতি নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে প্রভাব ফেলছে।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের উৎপাদনসংক্রান্ত অবস্থান এবং ইরাকের উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাও আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। উৎপাদন সক্ষমতার হিসাব বাড়াতে ওপেক প্লাসের ওপর ইরাকের চাপ জোটের সদস্যদের মধ্যে উৎপাদনসীমা নির্ধারণ নিয়ে মতবিরোধ তৈরি করতে পারে।

এদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন পুনরায় চালু হয়েছে। বন্ধ করে দেওয়া একটি ভালভ খুলে দেওয়ার পর তেল সংরক্ষণাগারে প্রবাহিত হতে শুরু করেছে।

তবে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং সৌদি আরব ও হুতিদের পাল্টাপাল্টি হামলা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ১ লাখ ২৬ হাজার ব্যারেল বেড়েছে। তবে রয়টার্সের জরিপে অংশ নেওয়া আট বিশ্লেষকের পূর্বাভাস ছিল, ওই সময়ে মজুত গড়ে প্রায় ১৫ লাখ ব্যারেল বাড়তে পারে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর