বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে সপ্তাহে তিন দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্সটি।
শনিবার, বুধবার ও বৃহস্পতিবার—এই তিন দিন প্রতিদিন দুটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করবে ইউএস-বাংলা।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন প্রথম ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
দ্বিতীয় ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট সন্ধ্যা ৬টায় যশোর থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা-যশোর রুটে সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। এসব ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের দ্রুত বিমান যোগাযোগের চাহিদা বিবেচনায় নিয়ে এ রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।
ফ্লাইটের বুকিং, সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।