শিরোনাম

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনি, এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনি, এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজমুল হক বিশারু (৬০)। তাঁর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামে। তিনি ওই গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন নাজমুল হক বিশারু। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাজমুল গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে আটক ওই ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর