বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সংগৃহীত
দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার প্রভাব ক্রমেই বাড়ছে। চলমান পরিস্থিতিতে ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। এতে দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকশিল্পে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে কারখানার মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, পোশাকশিল্পে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশের শিল্প ও অর্থনীতির ক্ষতি করতেই একটি পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বৈঠকে প্রায় ২০০টি পোশাক কারখানার মালিক অংশ নেন। সেখানে চলমান শ্রমিক অসন্তোষ, উৎপাদন পরিস্থিতি ও কারখানার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিক্ষোভের কারণে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আদেশ সম্পন্ন করা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে সাভার এলাকায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
তবে ১৪৭টি কারখানার মধ্যে কতটি অনির্দিষ্টকালের জন্য এবং কতটি সাময়িকভাবে বন্ধ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।