শিরোনাম

যে বার্তার সূত্র ধরে ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর

যে বার্তার সূত্র ধরে ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর

পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম। সংগৃহীত ছবি

রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটি গুরুতর বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি জানান, জাহাঙ্গীরের দেওয়া বার্তাগুলোতে বলা হয়েছে, ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’।

রোববার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের খুলশীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে এসব কথা বলেন ডিআইজি।

 

ডিআইজি বলেন, ‘প্রথমে আমরা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে তার এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাই। পরে তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরপর ফোন দুটি ফরেনসিক পরীক্ষার পর ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।’

মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করা হয়। জাহাঙ্গীর আলমের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে।

এর আগে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে কয়েক দিন ধরে নজরদারিতে ছিলেন এসপি জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর