‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
নোটিশটি পাঠিয়েছেন সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর। তাঁর আইনজীবী সংগ্রাম কোলহতকর নোটিশে বইটির ২০১ ও ৪৪৩ পৃষ্ঠায় সাভারকর সম্পর্কে করা মন্তব্যগুলো সংশোধন করে ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বইয়ে সাভারকর সম্পর্কে করা মন্তব্যগুলো তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিকভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর। মন্তব্যের পক্ষে তথ্যপ্রমাণ থাকলে তা উপস্থাপনের আহ্বানও জানানো হয়েছে।
বইটির ২০১ পৃষ্ঠায় সাভারকর সম্পর্কে সোনিয়া লিখেছেন, স্বাধীনতা আন্দোলনের সময় কংগ্রেস নেতারা ব্রিটিশদের হাতে নির্যাতিত ও বন্দী হলেও সাভারকর ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেছিলেন। একই অধ্যায়ে তিনি আরএসএসের আদর্শ ও হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচনা করেছেন।
৪৪৩ পৃষ্ঠায় সোনিয়া সাভারকরের মতাদর্শকে এমন একটি রাজনৈতিক ধারণা হিসেবে উল্লেখ করেছেন, যেখানে হিন্দুরা রাষ্ট্রের প্রধান কর্তৃত্বশীল জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হন। তাঁর লেখায় আরএসএস, বিজেপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর আদর্শেরও সমালোচনা করা হয়েছে।
সাত্যকি সাভারকর এর আগে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, বইটির কয়েকটি পৃষ্ঠা পড়ে তিনি সাভারকর সম্পর্কে মন্তব্যগুলো নিয়ে আপত্তি তুলেছেন। তবে পুরো বই নিষিদ্ধ করার দাবি তাঁর নেই বলেও উল্লেখ করেছিলেন।
এ বিষয়ে দুপুর পর্যন্ত কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সাভারকরকে নিয়ে রাজনৈতিক বিতর্ক অবশ্য নতুন নয়; এর আগে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরেও মহারাষ্ট্রে কংগ্রেস ও উদ্ধব ঠাকরের শিব সেনার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল।