মাহা পিন্ড দানের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শেষ হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে সমবেত হন তিন পার্বত্য জেলার বৌদ্ধ ভিক্ষুরা। পরে তাঁরা মহা পিন্ডচারণে বের হন।
এ সময় বৌদ্ধ ভিক্ষুরা শহর প্রদক্ষিণ করলে রাস্তার পাশে শত শত বৌদ্ধ নারী-পুরুষ, যুবক-যুবতী ও দায়ক-দায়িকারা পূণ্যলাভের আশায় শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী দান করেন।
উৎসবের শেষ পর্বে বিকেলে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা, ভক্তকূলসহ তিন পার্বত্য জেলার সহস্রাধিক ভিক্ষুর অংশগ্রহণে শীল গ্রহণ, ধর্মদেশনা ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। দেশ, জাতি ও প্রাণীকূলের মঙ্গল কামনায় বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা তিন মাস বর্ষাবাস শেষে ভিক্ষুদের কঠিন চীবর দান করে থাকেন। তুলা থেকে সুতা তৈরি করে সেই সুতা দিয়ে রাতারাতি কাপড় বুনে চীবর প্রস্তুত করার ঐতিহ্য থেকে এ দানকে কঠিন চীবর দানোৎসব বলা হয়। পূর্ণিমা তিথির পর থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে এ উৎসবের আয়োজন করা হয়, যা মাহা পিন্ড দানের মধ্য দিয়ে শেষ হয়।