তেল, এলপিজি, রাসায়নিক পণ্য ও বিস্ফোরক বহনকারী অন্তত ৫০টি জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। এসব হামলার পেছনে তেহরানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ওয়াশিংটন। একই সঙ্গে সম্ভাব্য হামলায় রাশিয়ার ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে অবগত কয়েকজনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে সাইবার অভিযান চালিয়ে সংঘাতের বিস্তৃতি ঘটানো হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র এসব হামলার সম্ভাব্য উৎস অনুসন্ধান করছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার কয়েকটি জাহাজে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এমনকি কোনো কোনো জাহাজকে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হলেও এসব সাইবার হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত দেয় এমন কোনো প্রমাণ এখনো হাতে পায়নি যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামলার শিকার অন্তত চারটি জাহাজ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছালে সেগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের বিশেষ দল মোতায়েন করা হয়। মার্কিন বন্দরে পৌঁছানোর আগেই জাহাজগুলোর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব দল কাজ করে।
এ ছাড়া হামলার শিকার অন্য কয়েকটি জাহাজ ইউরোপ ও এশিয়ার কাছাকাছি সমুদ্রসীমায় চলাচল করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।