শিরোনাম

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দান, শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দান, শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু

কিডনি রোগে আক্রান্ত স্বামীকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়েছে।

মন্দিরা রানীর স্বামী সুদাম পাল উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। ২০১৯ সালে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। দীর্ঘদিন দেশে ও ভারতে চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। উপযুক্ত দাতা না পাওয়ায় শেষ পর্যন্ত স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দানের সিদ্ধান্ত নেন মন্দিরা রানী।

সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে এই দম্পতির বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর অসুস্থতার পর থেকেই পরিবারটি নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

মন্দিরা রানীর ভাই সবুজ কুমার পাল জানান, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা শুরু হয়। অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা ও ফলোআপ শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অস্ত্রোপচার শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল।

স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই আত্মত্যাগের খবর ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে প্রশংসা ও আবেগের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষক দম্পতির দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর