পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে আরও তিনজন পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও মো. রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে শারিয়ালজোত বিওপির টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সীমান্তের মেইন পিলার-৪৪০-এর ২৫ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকা দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ ভারতে প্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে শারিয়ালজোত বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চারজনকে আটক করা সম্ভব হলেও অপর তিনজন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি চার তরুণকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বিজিবির টহল দল চারজনকে আটক করেছে। এ সময় আরও তিনজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তায় বিজিবির টহল দল ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।