শিরোনাম

নীলফামারী সরকারি কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নীলফামারী সরকারি কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে নীলফামারী সরকারি কলেজে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মনিরা জেসমিন, বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক, সামরিক স্টাফ কর্পোরাল মোহাম্মদ মাজেদুল ইসলাম ও কর্পোরাল মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কলেজের একাডেমিক ভবনের সামনে ১০টি ঔষধি গাছের চারা রোপণ করেন অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান।

পরে ডেঙ্গু সচেতনতামূলক একটি র‌্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। এতে জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন ক্যাডেটরা।

অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

বিএনসিসি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার মো. ওমর ফারুক বলেন, সারাদেশে বিএনসিসির কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও এ কর্মসূচি পালন করা হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা তৈরির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর পৃষ্ঠপোষকতায় এবং নীলফামারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর